‘রাষ্ট্রপতি-স্পিকারের অধীনেও নির্বাচনে যাবে না বিএনপি’
দলীয় কোনো ব্যক্তির অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন মওদুদ আহমদ।
সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন, তার অধীনে নির্বাচন হলে বিএনপিসহ ১৮ দলীয় জোট নির্বাচন আসবে না।
“তাই এখন মাঝে-মধ্যে সরকার গণমাধ্যমকে খবর দেয়, আগামী নির্বাচন রাষ্ট্রপতি কিংবা স্পিকারের অধীনে করা যায় কি না?”
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন যাব না। বর্তমান রাষ্ট্রপতি ও স্পিকার দুজনই দলীয় ব্যক্তি। কোনো দলীয় ব্যক্তির অধীনে আমরা নির্বাচনে যাব না।”
এজন্য সরকারকে অবস্থান বদলে নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবি জানান মওদুদ।
জাতীয় প্রেসক্লাবে নোয়াখালী ওয়েবের নবম বর্ষ উপলক্ষে ‘রাজনীতি, অর্থনীতি ও সমাজ উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান তিনি।
সরকারকে দাবি মানতে বাধ্য করার হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা বলেন, “পাকিস্তান আমলে আমরা দেখেছি, আইয়ুব খানকে আয়রনম্যান অব এশিয়া বলে সম্বোধন করা হত। কিন্তু একবছরের মাথায় তাকে বিদায় নিতে হয়েছে। বর্তমান সরকারের অবস্থাও দুর্বল হয়ে গেছে।”
রাজনৈতিক সঙ্কট নিরসনে উদ্যোগ নেয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নির্দলীয় সরকারের বিষয়ে দেশে-বিদেশে আজ জনমত তৈরি হয়েছে।
“দেশ ও বিশ্ব জনমতকে উপেক্ষা করে দেশে নির্বাচন হলে আন্দোলনে তা ধূলিসাৎ করে দেয়া হবে।”
বিরোধী দল সংসদে প্রস্তাব দিলে স্বাগত জানাবেন- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে মওদুদ বলেন, “আমরা কেন প্রস্তাব দেব? সংবিধান থেকে এই বিধান সরকারই বাতিল করেছে। প্রস্তাব তাদের কাছ থেকে আসতে হবে।”
নোয়াখালী ওয়েবের প্রতিষ্ঠাতা খালেদ সাইফুল্যাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ বরকতউল্লাহ বুলু, জয়নাল আবেদীন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
