২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ইউটাব সদস্যদের মতবিনিময়

পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইউটাবের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 11:47 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও নির্দলীয় সরকারের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষকদের মতামত শুনেন বিএনপি চেয়ারপারসন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউটাবের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার ও মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার টফি।

অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক  হোসনে আরা বেগম, অধ্যাপক আবদুল আজিজ, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, অধ্যাপক খলিলুর রহমান, অধ্যাপক এ এন এম মনির আহমদসহ দেড় শতাধিক শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।

অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা,  জাতীয়তাবাদী যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।