‘শিবিরই তুহিনের উপর হামলাকারী’
ইসলামী ছাত্র শিবিরই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিনের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
শনিবার ইসলামী ছাত্রশিবির এক বিবৃতিতে তুহিনের উপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ বিবৃতি প্রকাশের পর শনিবার কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ পাল্টা এ দাবি করে।
অপরদিকে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা এক বিবৃতিতে তুহিনের উপর হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, রগকাটার রাজনীতি যারা করে সেই মৌলবাদী ইসলামী ছাত্র শিবির কাপুরুষের মতো রাতের আধারে পৈশাচিকভাবে তুহিনের উপর হামলা চালিয়েছে।
ছাত্রলীগের অন্তঃকোন্দলে নয়, শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে তুহিনের রগ কেটে ছাত্রলীগকে দমাতে চেয়েছিল।
ছাত্র শিবিরকে প্রতিহত ও প্রতিরোধের ঘোষণা দিয়ে সকল ছাত্রসংগঠনকে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রতি একাত্মতা ঘোষণার আহ্বান জানান তিনি।
গত সাত মাসে ছয় সরকারদলীয় নেতাকর্মীর রগ কেটে দেয়ার কথা স্মরণ করিয়ে দেন মিজানুর।
তিনি বলেন, হামলা করে মানুষও মারবেন আবার সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে নিজেদের পুষ্প মনে করবেন, তা তো আপনাদের নোংরা রাজনীতিরই অংশ। কিন্তু শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক খালিদ হাসান নয়ন, আমানুল্লাহ রনি, সদস্য সাইদুল ইসলাম রুবেল, ফিরোজ সরকার, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, সরকার ফারহানা আক্তারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে আমীর আলী হলের পাশের রাস্তায় তুহিনের উপর হামলা চালিয়ে তার বাম হাত, ডান পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ছাত্রলীগ নেতারা ওই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে আসছেন।
অপরদিকে বিশ্ববিদ্যায়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে উল্লেখ করে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, উগ্র মৌলবাদী জামায়াত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসী জঙ্গিরা এ লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
