‘খালেদার কথাই বলছেন ইউনূস’
দেশের দুর্যোগপূর্ণ সময়ে নোবেল বিজয়ী ড. ইউনূসকে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় সোহাগ বলেন, ইউনূস দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। এমনকি এখনো ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরসহ অন্য জাতীয় দিবসগুলোতে খুঁজে পাওয়া যায় না। তিনি এ সব দিবসে শহীদ মিনার বা স্মৃতিসৌধে যান না।
“জাতীয় দুর্যোগগুলোতে তাকে দেখা যায় না। সিডর আইলাসহ কোন ঘটনায় তাকে দেখা যায়নি। ২১ অগাস্টের গ্রেনেড হামলার মতো ঘটনায়ও তাকে সক্রিয় হতে দেখা যায়নি। বিডিআর বিদ্রোহে নৃশংসভাবে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়, সেদিন সেনা কর্মকর্তাদের পরিবারকে সমবেদনা দিতেও তাকে দেখা যায়নি।”
এই ছাত্র নেতা বলেন, তিনি এর আগেও এদেশের রাজনীতিতে আসতে চেয়েছিলেন। কিন্তু জনগণ তাকে প্রত্যাখ্যান করেছেন। আজো তিনি বক্তব্য দেয়া শুরু করেছেন।
এর আগে বৃহস্পতিবার ইউনূস সেন্টারে এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস দেশে অশান্তি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যা বিএনপি ও শরিকরাও বলে আসছে।
সোহাগ বলেন, “বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে জাতি ধোঁকা দিয়েছেন। ২০০৬ সালে তিনি সমবর্তন বক্তা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছিলেন ছাত্র সমাজ সেটা রুখে দিয়েছেন।”
“আমরা আজো তাকে বলছি, আপনার নিকট থেকে আমরা কোন রাজনৈতিক বক্তব্য শুনতে চাই না।”
ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, তিনি বাংলাদেশের নাগরিক হয়েও এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামানোর কোন অধিকার তার নেই।
“২০০৬ সালে রাজনীতিতে আসা নিয়ে তিনি দেশের মানুষের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন। মানুষ তাকে এসএমএসে বিভিন্নভাবে জবাব দিয়ে জানিয়েছে, ইউনূস তোমাকে আমরা রাজনীতিতে দেখতে চাই না।”
নাজমুল বলেন, তিনি যে ভাষায় কথা বলছেন, খালেদার কথাও তাই। খালেদার বক্তব্যই মনে হয় তিনি পাঠ করে যাচ্ছেন।
১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইউনূস ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ‘নাগরিক শক্তি’ নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েও পরে পিছিয়ে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদের, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সম্পাদক ড. আখতারুজ্জামান, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।
