২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে: শেখ সেলিম

দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ‘চলছে’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:21 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এই দাবি করেন।

২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী জঙ্গি হামলার দিনটি স্মরণে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই আলোচনা সভায় মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া।

আট বছর আগে এই দিনে দেশের ৬৪ জেলার ৬৩টিতে একযোগে বোমা হামলা চালায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ–জেএমবি।

তার এক বছর আগে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালানো হয়, তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাই ওই হামলার উদ্দেশ্য ছিল বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।

সাম্প্রতিক সময়ে কয়েকটি স্থানে নতুন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের কথা তুলে ধরে শেখ সেলিম বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা এখনো চলছে। শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।”

১৫ অগাস্ট বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উদযাপনের সমালোচনা করে তিনি বলেন, “মনুষ্যত্ব সম্পন্ন কোনো মানুষ এই দিনে জন্মদিন হলেও তা উদযাপন করতে পারে না।

“উনি (খালেদা জিয়া) ১৫ আগস্টে জন্মদিন পালন করে বোঝাতে চান, উনি খুনিদের সঙ্গে আছেন।”

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “হেফাজতবিরোধী মতিঝিল অভিযান নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার অপপ্রচার চালিয়েছে। অধিকারসহ যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

সরকারের উন্নয়নচিত্রের বিলবোর্ড নিয়ে সমালোচনার জবাবে কৃষিমন্ত্রী মতিয়া বলেন, “বিলবোর্ডের তথ্য নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। এখন নিয়ম নীতি অনুসরণসহ নানা কথা বলছে। আওয়ামী লীগ কথার ফুলঝুরি নিয়ে ভোটারের কাছে যায় না। ভনিতার রাজনীতি করে না।”

“আমরা যা পেরেছি সেটাও বলি, যা পারিনি সেটাও বলি। যেগুলো এবার করতে পারিনি, সেগুলো আগামীতে করব।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, “১৭ আগস্টে বিএনপি জঙ্গিদের সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে। আন্দোলনের চাপে তাদের গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে এ ব্যাপারে কিছুই বলেননি।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “৭৫ এর ১৫ আগস্ট এর পর থেকে সব ঘটনা এক সূত্রে গাঁথা। ১৭ আগস্ট বোমা হামলার মূল পরিকল্পনা হয়েছিল, হাওয়া ভবনে আর এর গডফাদার ছিলে তারেক রহমান।”

কামরুল বলেন, “খুনিদের সঙ্গে কোনো আলোচনা বা সংলাপ হবে না।”