২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে: হাসিনা

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 08:50 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

জাতীয় শোক দিবসে বিরোধী দলীয় নেতার জন্মদিন পালনেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায়

প্রধানমন্ত্রী বলেন, “১৫ অগাস্ট জন্মদিন পালন করে একাত্তরের পরাজিত শক্তি তথা পাকিস্তান বাহিনীদের বুঝিয়ে দেন, দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তিনি তাদের সঙ্গে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আছেন।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নব্বইয়ের দশক থেকে এই দিনটিতে নিজের জন্মদিন পালন করে আসছেন খালেদা জিয়া, যা নিয়ে সমালোচনা রয়েছে।

বৃহস্পতিবারও তিনি জাতীয় শোক দিবসে দলীয় কার্যালয়ে কেক কেটে ৬৯তম জন্মদিন উদযাপন করেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা মানতে না পেরেই ১৫ অগাস্ট তাকে হত্যা করে পরাজিত শক্তি।

বিরোধী দলীয় নেতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “এ বয়সেও কেক কেটে উৎসব করে। যার জন্মের তারিখের কোনো তথ্য কোনো জায়গায় নেই। খালেদা জিয়ার বিয়ের কাবিননামা, সেনা কর্মকর্তা স্বামীর কাগজপত্র ও মায়ের সনদেও জন্মতারিখ পাওয়া যায়নি।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাবা-মাসহ পরিবারের সদস্যদের হারানোর স্মৃতি মনে করে অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই তারা আল্টিমেটাম দিচ্ছে, কর্মসূচি দিচ্ছে। জিয়া (জিয়াউর রহমান) বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দিয়েছিল। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে চায়। তাদের লক্ষ্য একটাই, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা।”

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দক্ষতার সঙ্গেই রাষ্ট্র পরিচালনা করছে তার সরকার। দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন তারা।

এ কাজে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আসুন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মানুষ হত্যা করে, যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোশাররফ হোসেন, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আহমদ হোসেন, জাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম, সানজিদা খানম বক্তব্য দেন।