২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার তৃতীয় শক্তিকে আনতে চায়: বিএনপি

গণতান্ত্রিক উপায়ে আবার ক্ষমতায় যেতে পারবে না জেনে সরকার ‘তৃতীয় শক্তির’ হাতে ক্ষমতা তুলে দেয়ার ‘ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে বিরোধী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে খালেদা জিয়ার কাছে ক্ষমতা যাবে- এটা ভেবে সরকার এখন নতুন চক্রান্ত শুরু করছে। তারা তৃতীয় শক্তির কাছে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার ষড়যন্ত্র করছে। ’’

এই ‘ষড়যন্ত্র’ আওয়ামী লীগ বা দেশের জন্য ‘শুভ হবে না’ বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “এখনো সময় আছে, দেয়াল লিখন পড়–ন। আসছে সংসদ অধিবেশনে নির্দলীয় সরকারের বিল উত্থাপনের পদক্ষেপ নিন। বিএনপি তাতে সহযোগিতা করবে।’’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ‘নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও অধিকার সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রর মুক্তির দাবিতে এই সমাবেশ হয়।

এদিকে জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াও একই ধরনের অভিযোগ করেন সরকারের বিরুদ্ধে।

তার অভিযোগ, সরকার ‘জরুরি অবস্থা’ জারি করে আওয়ামী লীগের সংসদের মেয়াদ বাড়ানোর ‘পাঁয়তারা’ করছে।

“আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে মহাসংকট সৃষ্টির পাঁয়তারা করছে। তবে আমরা রাজপথে থাকলে তারা তা করতে পারবে না।”

সরকার দীর্ঘ দিনের জন্য ক্ষমতা কুক্ষিগত করতেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলেও তিনি মন্তব্য করেন।

“এ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন বলে তারা বলছেন। কিন্তু সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধির কোনো সুযোগ নাই ।”

ড্যাবের সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, গত পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থীদের ব্যাপক ভোটে বিজয়ে সরকার ‘ভীত’ হয়ে পড়েছে। এ কারণেই তারা ‘গায়ের জোরে পাতানো ও একতরফা নির্বাচন’ করে আবার ক্ষমতায় আসতে চাইছে।

“সরকার একবার বলছে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। আবার বলছে নির্বাচন না হলে বর্তমান প্রধানমন্ত্রীই ক্ষমতায় থাকবেন। নির্বাচনকে তারা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।”

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্যের সমালোচনা করে মোশাররফ বলেন, ‘‘ নাসিম সাহেব বলেছেন, কোনো কারণে নির্বাচন না হলে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন। তার এই বক্তব্যের মধ্যে একদলীয় বাকশালের প্রতিধ্বনি প্রকাশ পেয়েছে।’’

নির্দলীয় সরকারের দাবির বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, ‘‘ দেশের জনগণ জানিয়ে দিয়েছে, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। ১৮ দলীয় জোট এই দাবিতে আন্দোলন রয়েছে। আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারে অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই।’’

ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ রউফ, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগম বক্তব্য দেন।

আর জাতীয় নাগরিক সংসদের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমীন।     

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার আগে রফিকুল ইসলাম মিয়া বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ৬৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন।