২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলদের গাড়ি পোড়ানো মামলায় সাক্ষ্য পেছালো

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় সাক্ষ্যগ্রহণ আবারো পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ আগামী ১৭ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের নতুন দিন রেখেছেন বলে আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ জানান।

আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলমসহ ১০ জন সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত এ দিনে  আদালতে হাজির হন।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়,  জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান হাজির হননি।

তারাসহ মোট ৩৬ জনের পক্ষে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য সময় চাওয়া হলে বিচারক আগামী ১৭ সেপ্টেম্বর নতুন দিন রাখেন।

২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানায়  বিরোধী দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা হয়।