২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ‘নাশকতা ঠেকাতে’ মাঠে থাকবে চট্টগ্রাম আ.লীগ

জামায়াতে ইসলামীর ডাকা হরতালে নাশকতার চেষ্টা হলে প্রতিহত করতে চট্টগ্রামের ২৩টি স্থানে অবস্থান নেবে নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, “যুদ্ধাপরাধী জামাত-শিবিরের হরতালে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে মঙ্গলবার সকাল থেকে নগরীর ২৩টি স্থানে আওয়ামী লীগ অবস্থান নেবে।”

নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ‘অরাজকতা’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

মঙ্গলবার সকালে হরতালের বিরুদ্ধে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে সমাবেশও করবে আওয়ামী লীগ।

নগর আওয়ামী লীগ, ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অনুসারীদের এই সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গত ১ অগাস্ট হাই কোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণার পর ১৩ ও ১৪ অগাস্ট সারা দেশে এই হরতাল ডাকে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি।

এই হরতালের সমর্থনে সোমবার হালিশহর এলাকায় ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে গাড়ি ভাংচুর ও হাতবোমা ফাটানো হয়। এ সময় পাঁচজনকে আটক করে পুলিশ।

নগর আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালে নাশকতার চেষ্টা ঠেকাতে মঙ্গলবার সকাল থেকে নগরীর দারুল ফজল মার্কেট, অক্সিজেন মোড়, মুরাদপুর, কাঠগড়, চেরাগী পাহাড়, কালামিয়া বাজার, চকবাজার, বহদ্দারহাট, অলঙ্কারসহ গুরুত্বপূর্ণ ২৩টি পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেবে।