জামায়াত নেতা তাহেরকে সৌদি যেতে ‘বাধা’
সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে গিয়েও ফেরত আসতে হয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে।
জামায়াত অভিযোগ করেছে, সরকারের বাধায় তাদের নেতা বিদেশ যেতে পারেননি। অন্যদিকে পুলিশ বলছে, বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জামায়াত নেতাকে ফেরত পাঠানো হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য। দুটি মামলায় গত জানুয়ারি মাসে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। উচ্চ আদালত থেকে জামিনে পেয়ে গত জুলাই মাসে মুক্তি পান তিনি।
সোমবার রাতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ওমরাহ পালনে সৌদি আরব যেতে সব আনুষ্ঠানিকতা শেষে তাহের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাকে বাধা দেয়া হয়।
এর মধ্য দিয়ে সরকার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে মকবুল বলেন, “প্রমাণিত হলো এ সরকার নাস্তিকদের সরকার।”
জামায়াতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ওসি জান্নাত আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল্লাহ মো. তাহেরের কাছে বহির্গমনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকায় তাকে বিমান বন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।”
