২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের একগুয়েমিতেই বিপর্যয়: ফখরুল

এইচএসসির ফল বিপর্যয়ের জন্য বিএনপি-জামায়াতের কর্মসূচি নয়, বরং সরকারের একগুয়েমি ও দাম্ভিকতায় সব ক্ষেত্রেই বিপর্যয় নেয়ে এসেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন গার্ডেন লেডিস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “এবার এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল হয়নি। প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ বক্তব্যে এর জন্য বিরোধী দলের ওপর দোষ চাপিয়েছেন। অবস্থাটা এমন- যা কিছুই হারায়, গিন্নী বলে কেষ্টা বেটাই চোর।”

“সরকারকে বলবো- সব কিছুর জন্য যদি বিএনপির ওপর দোষ চাপাতে হয়, তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা থেকে সরে যান। বিএনপি দেশ চালাক।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেন।

গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে ফলাফল গ্রহণ করে তিনি বলেন, “এই জন্য শিক্ষার্থী বা শিক্ষকরা দায়ী নয়। এই দায় বিএনপি-জামায়াত-শিবিরের।”

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ, যা গত বছর ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ৫৮ হাজার ১৯৭, আগের বছর এ সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২।

গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর বিরোধী দলের হরতালের কারণে পরীক্ষাসূচিতে অনেকবার পরিবর্তন আনতে হয়, পেছাতে হয় ৪১টি বিষয়ের পরীক্ষা।

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে ফখরুল অভিযোগ করেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের টেন্ডারবাজিতে ছেয়ে গেছে।”

তিনি বলেন, “সরকারের একগুয়েমি ও দাম্ভিকতার কারণে গোটা দেশ আজ সব ক্ষেত্রে ধ্বংস ও বিপর্যয় নেমে এসেছে।”

এদিকে মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত সাবেক সাংসদ হেমায়েতউল্লাহ আওরঙ্গের মৃত্যুতে শোক প্রকাশ করেন ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার মুন্সীগঞ্জের মেদেনীমগুলের খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনায় আওরঙ্গে সঙ্গী আরো চারজন নিহত হন।

২০০৮ সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থী হন আওরঙ্গ।