২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ কর্মসূচি ছাত্রদলের

তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের প্রতিবাদে আগামী মঙ্গল ও বুধবার সারাদেশে বিক্ষোভ করবে ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 11:47 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

বিএনপি সমর্থিত সংগঠনটি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন। খালেদা জিয়ার ছেলের বিরুদ্ধে করা বিভিন্ন মামলা তুলে নেয়ার দাবিও জানিয়েছে ছাত্রদল।

প্রধানমন্ত্রীর ছেলে গত সপ্তাহে যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে ২১ অগাস্ট গ্রেনেড হামলার বিষয় ধরে বলেছিলেন, “আমার মাকে হত্যার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন।”

২০০৪ সালের ২১ অগাস্টের হামলার ওই মামলায় সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে আসামি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ছেলের ওই বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচার’ দাবি করে রোববার ঢাকায় প্রতিবাদ সভা করেছে বিএনপি। এরপরই ছাত্রদলের কর্মসূচি এল।

ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এক বিবৃতিতে সংগঠনের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

বুধবার সব থানা, পৌরসভার সঙ্গে সব কলেজে বিক্ষোভ করবে ছাত্রদল।

পুরনো খবর:

তারেক ফিরলে আ. লীগ ভেসে যাবে: ফখরুল