নেজামী ইসলামের ইফতারে ‘বাধা’
ঢাকায় ১৮ দলীয় জোটের অন্যতম শরিক দল নেজামে ইসলামের ইফতার অনুষ্ঠানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে রোববার ওই ইফতার অনুষ্ঠানে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ ও আব্দুল্লাহ আল নোমানও অতিথি ছিলেন।
সাবেক মন্ত্রী নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোটেলের দ্বিতীয় তলার হলরুমে আলোচনা ও ইফতারের আয়োজন করে নেজামে ইসলামী। আলোচন সভা শুরু পর শেষে পুরো হল পুলিশ ঘেরাও করে রাখে।
“আবদুল্লাহ আল নোমান ও হান্নান শাহর বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে বলে, আপনারা ইফতারির প্যাকেট নিয়ে চলে যান। এখানে ইফতার করতে পারবেন না।”
বিএনপির দুই নেতা একটি কক্ষে ইফতার করেন। কিন্তু নেজামে ইসলামী দলের কাউকে হলরুমে ইফতার করতে দেয়া হয়নি বলে জানান হিরু।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনার বিভাগের পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীতে কেউ কোনো আলোচনা সভা ও ইফতারের আয়োজন করতে হলে পুলিশ কমিশনারের অনুমতির প্রয়োজন হয়।
“নেজামে ইসলামী দলের কোনো অনুমতি ছিল না।”
