২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জনআতঙ্কে: খালেদা

‘জনআতঙ্কের’ কারণে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে না বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 08:02 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

বৃহস্পতিবার এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেছেন, “সরকার গত সাড়ে চার বছরে মানুষের জন্য কোনো কাজ করেনি।

“কুকুরে কামড় দিলে যেমন জলাতঙ্ক রোগ হয়। এই সরকারও এখন জনগণকে ভয় পায় বলে তারা জনআতঙ্কে ভুগছে।”

নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরে বিএনপি চেয়ারপারসন একথা বলেন।

“আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে নির্বাচন করতে দেয়া হবে না। দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনেই। সব দল সেই নির্বাচনে অংশ নেবে।”

নির্দলীয় সরকারের দাবি এখন ‘জনগণের’ দাবি করে খালেদা বলেন, “আমরা চাই, নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে যারা জিতবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “এই সরকার দেশের জন্য কোনো ভালো কাজ করেনি। দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসে তারা ব্যস্ত ছিল। এজন্য একদিন তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”

বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিকল্পধারা আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন বিরোধীদলীয় নেতা।

অনুষ্ঠানে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, “সরকার নির্দলীয় সরকারের দাবি স্বীকার না করলে দেশ মহাসঙ্কটের দিকে ধাবিত হবে। অনেক সংঘাত হবে।”

অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে এক টেবিলে ইফতার করেন ব্যারিস্টার রফিক-উল-হক, বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, মাহমুদুর রহমান মান্না, সাংবাদিক মাহফুজউল্লাহ, অধ্যাপক পিয়াস করীম প্রমুখ।

বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য রুহুল আমিন ব্যাপারী, মোজাফফর আহমেদ, মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, বিজেপি নেতা আবদুল মতিন সাউদ, খেলাফত মজলিশ নেতা শফিক উদ্দিন,  জাগপা নেতা আসাদুর রহমান খানও একই টেবিলে ইফতার করেন।

অনুষ্ঠানে আরো ছিলেন বিএনপির শিরিন সুলতানা, বিকল্পধারার নুরুল ইসলাম ব্যাপারী, মাহবুব আলী, ওবায়েদ মৃধা, ওয়াসিউল হক চৌধুরী, ফয়েজ চৌধুরী প্রমুখ।