২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা সমাধানের ভার দলগুলোর: স্পিকার

নির্বাচন নিয়ে চলমান সঙ্কট অবসানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রত্যাশা করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

“এ বিষয়ে যদি সরকারি ও বিরোধী দল সংসদে আলোচনা করতে চায়, তাহলে আমার সব ধরনের সহযোগিতা থাকবে,” বলেছেন তিনি।

বৃহস্পতিবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিরীন শারমিন একথা বলেন।

বর্তমান সংবিধান অনুযায়ী, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই নির্বাচন হবে। আর এক্ষেত্রে সংবিধান অনুসরণের পক্ষপাতি ক্ষমতাসীন দল।

অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে বিএনপি। তা না হলে বিএনপি নির্বাচন বয়কটের হুমকিও দিয়েছে।

স্পিকার বলেন, “নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হতে হবে। আর যে কোনো সিদ্ধান্ত মূলত সরকারি ও বিরোধী দলকেই নিতে হবে।”

সংসদ সদস্য গোলাম মাওলা রনির সাংবাদিক নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হলে এই বিষয়ে সরাসরি কিছু বলেননি শিরীন শারমিন। 

তিনি মনে করছেন, বিষয়টির সুরাহা আইনি প্রক্রিয়ায়ই হবে।