পদত্যাগের কোনো খবর আমার কাছে নেই: আশরাফ
পদত্যাগের খবরটি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গত কয়েকদিন ধরে কয়েকটি সংবাদ মাধ্যমে এনিয়ে প্রকাশিত খবরকে ‘অপপ্রচার’ বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার সংসদে ঢোকার সময় সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “আমার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে যে বক্তব্য এসেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। রাজনৈতিক সুবিধা লাভের জন্য একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
“দলীয় সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের খবর আমার জানা নাই, আপনাদের কাছে থাকলে বলেন।”
সৈয়দ আশরাফুল ইসলাম
তবে ওই প্রতিবেদনগুলোতে আশরাফের কোনো বক্তব্য কিংবা তথ্যের উৎস সম্পর্কে কিছু উল্লেখ করা ছিল না।
জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ এনিয়ে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন তিনি।
