প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ এরশাদের
ক্ষমতাসীন জোটে টানাপড়েনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছে জোটের শরিক দল জাতীয় পার্টি।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জানাতে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার গণভবন গিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।”
গুলশানের একটি পাঁচতারা হোটেলে শুক্রবার জাতীয় পার্টির এই ইফতার হবে।
মার্চে কুর্মিটোলা গলফ ক্লাবে জিল্লুর রহমান ফ্লাইওভারের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা ও এইচ এম এরশাদ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকেও ওই ইফতারে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।
মহাজোটে থেকে কিছুই পাননি অনুযোগ করে বিভিন্ন সময়ে এককভাবে আগামী নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক এরশাদ। মহাজোটে ‘ফাটল’ ধরার কথা বলেছেন জাতীয় পার্টির অন্য নেতারাও।
তবে সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরে প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এরশাদ।
আগামী নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেবেন কি না- এ প্রশ্নের জবাবে সে সময় এরশাদ বলেছিলেন, “আমরা এখনো তো মহাজোটেই আছি।”
