সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মুক্তি
সিরাজগঞ্জে বাস পোড়ানোর একটি মামলায় বিএনপির প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আশফাকুজ্জামান শুভ জানান, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ওহেদুর রহমান বাদী হয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সকল আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এ রায়কে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন।
