২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দলীয় সরকার না হলে নির্বাচন প্রতিহত: আনোয়ার

নির্দলীয় সরকারের অধীনে না হলে আগামী সংসদ নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 11:09 AM

বুধবার সকালে এক আলোচনা সভায় এম কে আনোয়ার বলেছেন, “আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে।

“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, দলীয় সরকারের অধীনে কেউ নির্বাচনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ওই নির্বাচনে কাউকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না।”

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ধরে তিনি বলেন, “জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণের দাবি না মানলে ভবিষ্যতে তাদের এর চেয়েও খারাপ অবস্থা হবে।”

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর প্রকল্পের বিষয়টি নজির হিসেবে তুলে ধরেন আনোয়ার।

“কয়েকজন দুর্নীতিবাজকে বাঁচাতে সরকার এদেশের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পদ্মা সেতু বিসর্জন দিয়েছে। এই বৃহৎ প্রকল্পের দুর্নীতির অর্থ লন্ডন, কানাডা ও যুক্তরাষ্ট্রে গেছে। কাদের কাছে দুর্নীতির ওই অর্থ গেছে, জনগণ একদিন তা খুঁজে বের করবে।”

দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে আনোয়ার বলেন, “এই সরকার হটাতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। শক্রর দুর্গে ঐক্যবদ্ধভাবে আঘাত হানতে হবে।”

ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার (এনআরসি) এর উদ্যোগে ‘তারেক রহমান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার।

মঙ্গলবার এই প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেসক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আরেকটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “মহাজোটের এক শরিক বলেছে, পাঁচ সিটি নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবি সরকারের জন্য ১০ নম্বর বিপদ সঙ্কেত।

“এরপরও তাদের হুঁশ না হলে কিছুই করার নেই। ভবিষ্যতে তাদের জন্য আরো ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।”

“দেশের উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের মহানগরের জনগণ সিটি নির্বাচনে রায় দিয়েছে, তারা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা পরিবর্তন চায়,” বলেন নজরুল।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, পত্রিকার ছাপাখানা খুলে দেয়া ও টিভি চ্যানেলগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই আলোচনা সভা হয়।