২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারভেজের ‘সন্ধান’ দাবিতে আ.লীগের মশাল মিছিল

যুবলীগের বহিস্কৃত নেতা ‘নিখোঁজ’ জহিরুল ইসলাম পারভেজ ওরফে ‘ক্যাঙ্গারু পারভেজকে’ ফিরিয়ে দেয়ার দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2013, 04:33 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিভিন্ন এলাকায় একযোগে এ মশাল মিছিল হয়। এ সময় শহরে সৃষ্টি হয় তীব্র যানজট।

একই দাবিতে বুধবার শহরের চাষাড়া শহীদ মিনারে গণসমাবেশের ডাক দেয়া হয়েছে। 

গত শনিবার সাদা পোশাকে অস্ত্রধারী লোকজন ঢাকার গুলশান-২ পারভেজকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী সোহানা বেগম।

এরপর সোমবার নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীসভায় পারভেজকে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেয়ার আল্টিমেটাম দেন  আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।

জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী জানান, নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন এলাকায় একযোগে মশাল মিছিল হয়েছে।

তিন দিন অতিবাহিত হলেও এখনো পারভেজের কোন খোঁজ পাওয়া যায়নি। যারাই তুলে নিয়ে যাক, তাকে ফিরিয়ে দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সানী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মশাল মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

গত ২৮ এপ্রিল শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সমাবেশ চলাকালে যুবলীগ নেতা ‘ক্যাঙ্গারু পারভেজ’ সেখানে অস্ত্র নিয়ে গিয়ে হুমকি-ধামকি দেন।

এ ঘটনার পর কেন্দ্রীয় যুবলীগ তাকে সংগঠন থেকে বহিষ্কার করে।