২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল প্রচারে ‘বিভ্রান্তি’তে ‘বিপর্যয়’ শঙ্কা

নির্বাচনী ফল প্রকাশে সংবাদ মাধ্যমের প্রতিযোগিতায় বিভ্রান্ত হয়েছে সংসদ সচিবালয়ের মতো সরকারি কার্যালয়। সোশ্যাল মিডিয়াতে এনিয়ে সমালোচনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ফল প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে মেনে চলতে পরামর্শ দিয়েছেন।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সোমবার সংসদ সচিবালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা রেজওয়ান আহাম্মদ তৌফিক ০১ লক্ষ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম পান ৫৯ হাজার ৭০ ভোট। নবনির্বাচিত এ সাংসদের শপথানুষ্ঠানের বিজ্ঞপ্তিতে এ তথ্য ব্যবহার করে সংসদ।

অথচ ওই আসনের রিটার্নিং কর্মকর্তার পাঠানো তথ্য অনুযায়ী নৌকা প্রতীক পেয়েছে ৯৯ হাজার ৯৩৩ ভোট, ফুটবল পেয়েছে ৫৯ হাজার ২২৪ ভোট।

ভোটের ফল নিয়মিত পর্যবেক্ষণ করছিলেন ইসির উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ।

তিনি জানান, সন্ধ্যার পরেই কয়েকটি টেলিভিশনে বিজয়ী প্রার্থীর ভোট দেড় লাখেরও বেশি দেখানো হয়। পরে সবাই একযোগে জানায়, এক লাখ ৫১ ভোট বা এক লাখ ৫৩ ভোট। আবার গাজীপুর নির্বাচনেও কোনো কোনো টেলিভিশন ৪ লাখেরও বেশি ভোট দেখায় বিজয়ী প্রার্থীর পক্ষে। রিটার্নিং কর্মকর্তার তথ্যের সঙ্গে যার কোনো মিল নেই।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের শঙ্কা, এমন বিভ্রান্তির সুযোগে সুষ্ঠু নির্বাচনকে আগামীতে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করতে পারে যে কেউ।

শনিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, টেলিভিশন প্রতীক পেয়েছেন ৩,৬৫,৪৪৪ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২,৫৮,৮৬৭ ভোট।

টেলিভিশন সাংবাদিক তুষার আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মধ্যরাতের পর আচমকা দেখা গেল, একাত্তর টেলিভিশন সর্বশেষ সংবাদ হিসেবে দর্শকদের জানাচ্ছিল ৩৯২টি ভোট কেন্দ্রে দোয়াত-কলম প্রতীক পেয়েছে ৩ লাখ ১২ হাজার ভোট এবং টেলিভিশন প্রতীক পেয়েছে  ৪ লাখ  ৬৮ হাজার ভোট। এই একই ফল ব্রেকিং নিউজ হিসেবে দেশ টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনও প্রচার করতে থাকে।”

তিনি বলেন, “অসমর্থিত সূত্র, নানা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন টেলিভিশন বিভিন্ন রকমের ফল প্রচার করতে থাকে। এক চ্যানেলের সঙ্গে অপর চ্যানেলের কেন্দ্র ও ভোটের সংখ্যায় মিল ছিল না।”

টেলিভিশনগুলির সমালোচনা করে কিশোরগঞ্জ-৪ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, “রাত ৩টায় সবকটি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা শেষ করেছি। শুনেছি- সন্ধ্যা থেকেই বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে বিজয়ী প্রার্থী ১ লাখ ৫৬ হাজার, বিজিত ৬০ হাজার ভোট পেয়েছে।”

‘অসমর্থিত সূত্রের’ ফল নিয়ে গণমাধ্যমের এমন সংবাদে বিব্রত ইসির এ কর্মকর্তা। ভোটের এ ‘বিভ্রান্তিকর’ তথ্য নিয়ে তার কাছে ব্যাখ্যাও চান নির্বাচন কমিশনার জাবেদ আলী।

জাহিদ বলেন, “মিডিয়ায় এ ধরনের যাচাই-বাছাই না করে ভিত্তিহীন আগাম ফল ঘোষণা উচিত নয়। ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে ইসিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা  অন্য কোনো অসমর্থিত সূত্রের তথ্য না নিয়ে শুধু রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফল প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “তা না হলে আগামীতে যে কোনো নির্বাচনে দেশে হইচই লেগে যাবে। আমরাও ঝুঁকিতে থাকবো।”

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা কিশোরগঞ্জের এমন ঘটনার তদন্ত করে দেখার তাগিদ দেন।

সাবেক সিইসি বলেন, “যেহেতু কেন্দ্রে কেন্দ্রে ফল দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে গণমাধ্যম কেন্দ্র থেকেই ফল সংগ্রহ করতে পারে। কিছু আনুষ্ঠানিকতা সেরেই রিটার্নিং কর্মকর্তার কাছে কেন্দ্রভিত্তিক ফলগুলো আসে। এজন্যে সময়ও লাগে। কিন্তু অনুমাননির্ভর বা যাচাই না করে ফল গণমাধ্যমে প্রকাশ করা উচিত নয়।

“প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রে ফল দিয়েছেন, শেষে রিটার্নিং কর্মকর্তার তথ্যই চূড়ান্ত। তাহলে গণনা ঠিক মতো হলো কিনা? অনুসন্ধান করে দেখতে হবে কেনো রিটার্নিং কর্মকর্তা ও গণমাধ্যমের দুই ধরনের ফল এলো? প্রশ্ন রাখেন এ টিএম শামসুল হুদা।

নির্বাচনী আচরণবিধি অনুসরণে গণমাধ্যমের জন্য একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছিলেন বিদায়ী এ সিইসি। এসময় গণমাধ্যমকর্মীদের বিরোধিতার মুখে আর এগোতে পারেন নি তিনি।

সর্বশেষ গাজীপুর সিটি করপোরেশন নিয়ে গণমাধ্যমে প্রচারিত ভোটের তারতম্যের বিষয়ে রোববার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে জানতে চান সাংবাদিকরা। ফল প্রচার নিয়ে আলাদা কোনো নীতিমালা করবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, “ ভোটের ফল ঘোষণার নীতিমালা রয়েছে। আলাদা কিছু করবে না কমিশন।”

গাজীপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান ভোটের ফল প্রচার নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

তিনি বলেন, “তথ্য বিভ্রান্তি হলে আমাদের সমস্যা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও মানুষের মধ্যে অনাস্থা তৈরি হয়।”

মতিয়ার বলেন, “ইন্টারনেটে ইসির নিজস্ব নেটওয়ার্ক, মোবাইলে বিশেষ পিন নম্বর ব্যবহার অথবা বহির্বিশ্বের সঙ্গে তালমিলিয়ে অনলাইন ফল সংগ্রহের দিকে এগোনোর কথা ভাবতে হবে আমাদের। প্রার্থী ও ভোটারদেরও হতে হবে সচেতন।”

বিভ্রান্তিকর তথ্য দিলে তা গণমাধ্যমেরই ব্যর্থতা: আরেফিন সিদ্দিক

সাংবাদিকতার অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “গণমাধ্যমে প্রতিযোগিতা বিশ্বজনীন। এক্ষেত্রে ক্ষিপ্রতা যেমন দরকার, তেমনি সঠিক তথ্য পরিবেশনও জরুরি। দ্রুততার সঙ্গে করতে গিয়ে বিভ্রান্তিকর তথ্য দিলে তা গণমাধ্যমেরই ব্যর্থতা।”

প্রতিযোগিতা করতে গিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করলে নিজেদের গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে পরপরই সংশোধনী দেওয়ার অনুরোধ জানান তিনি।

নির্বাচনী ফল প্রচারের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো পক্ষপাতিত্ব না করে সতর্ক থাকার তাগিদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য বলেন, “কেন্দ্রে কেন্দ্রে ফল হওয়ার পর প্রতিযোগিতায় থাকতে দায়িত্বশীল সূত্রের সঠিক তথ্যই দিতে হবে।

“অতি উৎসাহী বা অসম প্রতিযোগিতায় ভুল তথ্য দিলে উত্তেজনা তৈরির শঙ্কা থাকে। সাংবিধানিক সংস্থা ইসির গ্রহণযোগ্যতা নষ্ট হয় এমন কিছু করা যাবে না। ইসির নিরপেক্ষতা  ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু করলে শাস্তির বিধানও করতে পারে স্বাধীন সংস্থাটি।”

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবিধানিক সংস্থাটির প্রতি জনগণের আস্থা ধরে রাখার বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন আরেফিন সিদ্দিক।