২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনরায় ‘ছিনতাইয়ের’ আশঙ্কা বিএনপির

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ‘ছিনতাইয়ের’ আশঙ্কা নির্বাচন কমিশনকে জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

ঘোষিত ফলাফলে বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের এগিয়ে থাকার মধ্যে শনিবার রাতে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে এই আশঙ্কার কথা জানায় বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, “আমরা আশঙ্কা করছি, এই ফলাফল না হাইজ্যাক হয়ে যায়।”

রাত ৯টায় গিয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকে বেশ কিছু অভিযোগ জানান বিএনপি নেতারা।

রাত সোয়া ১১টার ইসি ঘোষিত ৩৯২টি কেন্দ্রের মধ্যে ৯৮টি কেন্দ্রের ফলাফলে  দেখা যায়, মান্নান পেয়েছেন ৮৭৩২৩ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আজমত উল্লা খান পেয়েছেন ৬০ হাজার ৪৯০ ভোট।  

আনোয়ার বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে, কয়েকটি কেন্দ্রে ছাত্রলীগ যুবলীগ নেতা-কর্মীরা ফোর্স করেছে। তারা পুলিশের সামনে ভাংচুর চালিয়েছে।

“কোনো কোনো ভোট কেন্দ্রে ভোট গণণা না করেই কেন্দ্র থেকে পুলিশ ব্যালট বাক্স নিয়ে গেছে, আমাদের কয়েকজন প্রার্থীর পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। আবার কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়াই রেজাল্টশিট নিয়ে যাওয়া হয়েছে।”

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, “উনারা আমাকে বলেছেন, ফলাফল প্রকাশে যেন দেরি না করা হয়। আমি তাদের জানিয়েছি, যতদ্রুত সম্ভব আমরা ফলাফল প্রকাশ করব।”

বিএনপি যেসব ঘটনার কথা বলেছে, সেই বিষয়ে কোনো তথ্য নির্বাচন কমিশন পায়নি বলে জানান তিনি।

গাজীপুরের নির্বাচনের মূল্যায়ন করতে গিয়ে শাহনেওয়াজ বলেন, “কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে গাফিলতিও রয়েছে। তাই সার্বিকভাবে আমরা সন্তুষ্ট, এ কথা বলতে পারছি না।”

বিএনপির প্রতিনিধি দলে এম কে আনোয়ারের সঙ্গে ছিলেন বরকতউল্লাহ বুলু ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

এই নির্বাচনের ফল ঘোষণার আগে কেন্দ্র না ছাড়তে এজেন্ট ও নেতা-কর্মীদের ইতোমধ্যে নির্দেশ দিয়েছে বিএনপি।

ভোটগ্রহণের সময় দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ভোটের ফল পাল্টানোর পরিণতি শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দেন।

বড় কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ, গভীর রাত পর্যন্ত গণনা চলছিল।

রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। ছোটখাট যেসব অভিযোগ  এসেছে সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হয়েছে।

পুরনো খবর:

ফলের আগে কেন্দ্র ছাড়া যাবে না: রিজভী 
‘ব্যালটে সিল মেরে রাখতে চাপ দেয়া হচ্ছে’
ফল পাল্টানোর ‘নীল নকশা’ দেখছে বিএনপি