ফলের আগে কেন্দ্র ছাড়া যাবে না: রিজভী
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ঘোষণার আগে কেন্দ্র না ছাড়তে এজেন্ট ও নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
শনিবার বেলা সাড়ে ৩টায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “শাসক দলের সমর্থিত প্রার্থীর লোক নানা অপপ্রচার চালিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে আমরা জানতে পেরেছি। এজন্য ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ক্ষমতাসীনরা নানারকম গুজব ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করছে অভিযোগ করে দলের যুগ্মমহাসচিব রিজভী বলেন, “গাজীপুর সিটি করপোরেশনের অধিবাসী ও ভোটারদের বলব, বিভ্রান্তিতে কান না দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিন।”
শনিবার সকাল থেকে বড় কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ।
রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। ছোটখাট যেসব অভিযোগ এসেছে সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হয়েছে।
