২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর থেকে ভিন্নমাত্রার আন্দোলন:খসরু

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আগামী ঈদের পর থেকে চট্টগ্রামে ভিন্নমাত্রার আন্দোলন শুরু করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 03:33 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

শনিবার চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

নগরীর নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় আঁকড়ে থাকতে দলীয় সরকারের অধীনে পাতানো নির্বাচনের চেষ্টা করছে।”

তবে আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক পুনর্বহালের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন তিনি।

“এজন্য ঈদের পর চট্টগ্রাম থেকেই ভিন্নমাত্রার আন্দোলন শুরু করা হবে,” বলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি।

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে রোজায় নগরবাসীকে নিরবছিন্ন পানি-গ্যাস-বিদ্যুত সরবরাহের দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।

আমীর খসরু বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় সেবার চরম সংকটের কারণে নগরবাসী মানবেতর জীবন-যাপন করছে। রমজানে পানি বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।

নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নিউ মার্কেট মোড়ে শেষ হয়।