গাজীপুরের জাপা সভাপতি বললেন, সময় পেরিয়ে গেছে
গাজীপুর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের প্রতি এইচ এম এরশাদ আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দিলেও বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে প্রচারে দেখা যাচ্ছে জাতীয় পার্টির স্থানীয় অনেক নেতাকে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের ঘোষণা আসে, যা অনেক টেলিভিশনে সরাসরি প্রচারও হয়। তবে এই সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বলে মনে করছেন জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদ হাসান।
তিনি সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা আমি পাইনি। আর এখন নির্দেশনা পেলেও দলীয় নেতাকর্মীদের ১৮ দলের প্রার্থীর পক্ষ থেকে ফেরানো সম্ভব না।”
এই নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন মাহমুদ হাসান, পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
এরপর গাজীপুরের জাতীয় পার্টির কেউ আজমতের পক্ষে এবং কেউ মান্নানের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার আজমতকে সমর্থনের ঘোষণা দেন এরশাদ।
আজমত উল্লা খানের পক্ষে প্রচারে নামা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার সভাপতি নিজে কোথাও ভোট চাইতে যাননি। তার সঙ্গে খুব বেশি নেতা-কর্মী নেই। জেলার বেশিরভাগ নেতাকর্মীই আজমত উল্লা খানের পক্ষে কাজ করছে।”
তবে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলামও বললেন, তারা নির্দেশনা না পাওয়ায় এম এ মান্নানেই পক্ষে কাজ করে যাচ্ছেন।
জেলা শীর্ষ দুই নেতা ছাড়াও গাজীপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী, টঙ্গী থানা কমিটির সভাপতি আব্দুস সামাদসহ বেশ কয়েকজন ১৮ দল সমর্থিত প্রার্থী মান্নানের পক্ষে কাজ করে যাচ্ছেন।
অন্যদিকে আজমতের পক্ষে রয়েছেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন, গাজীপুর পৌর কমিটির সভাপতি মনোয়ার হোসেন, টঙ্গী থানা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।
