২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমতকে সমর্থন এরশাদের

ভোটগ্রহণের দুদিন আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাটকীয় এই ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

তিনি বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশন ইলেকশনকে কেন্দ্র করে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন জাতীয় পার্টি মহাজোট সমর্থিত প্রার্থীকে সমর্থন করবে, আবার কেউ বলছে ১৮ দলীয় জোট সমর্থিত প্রাথীকে সমর্থন করবে।”

“এখন আমি আমার পজিশন স্পষ্ট করছি। জাতীয় পার্টি এখনো মহাজোটে আছে, যেহেতু আজমত মহাজোট সমর্থিত প্রার্থী, তাই আমরা আজমতকেই সমর্থন করব।”

এরশাদ একদিন আগেই এক বিবৃতিতে বলেছিলেন, “যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত কোনো মেয়র প্রার্থী নেই, সে কারণে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাদের পছন্দ মতো ভোট দেবেন।”

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইতোমধ্যেই পার্টি থেকে দলের নেতা কর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, যে জাতীয় পার্টি আজমতকে সমর্থন দিচ্ছে।”

তবে জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় নির্বাচনের এই সমর্থনের কোনো সম্পর্ক নেই বলে জানালেন এরশাদ।

আগামী নির্বাচন আলাদা করার ঘোষণা রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যানের।

তবে ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অন্য কারো সুবিধার জন্য মহাজোট ছাড়বে না জাতীয় পার্টি।

“সব কিছুরই রণকৌশল আছে। আমি সবাইকে বলেছি জাতীয় পার্টি কারো সুবিধার জন্য মহাজোট ছাড়বে না। আই উইল ডিসাইড, আমরা কবে মহাজোট ছাড়ব।”

গাজীপুরের নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল।

আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে মেয়র পদে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসানকে প্রার্থী করেছিলো ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি।

কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মাহমুদ হাসান মনোয়নপত্র প্রত্যাহার করে নেন। তখন তিনি বলেছিলেন, চার সিটি কর্পোরেশনে সরকার সমর্থকদের হারের পর জাতীয় পার্টি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে।

Image
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের গণসংযোগ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের গণসংযোগ।

এরপর এরশাদের সঙ্গে দেখা করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান।

এরশাদের সঙ্গে দেখা করে বেরিয়ে মান্নান সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান তাকে সমর্থন দিয়েছেন।

এদিকে গাজীপুরে জাতীয় পার্টি নেতা-কর্মীদের মধ্যে সমর্থন দেয়া নিয়ে দ্বিধাবিভক্তি দেখা যায়। কেউ আজমতের হয়ে প্রচারে নামেন, কেউ নামেন মান্নানের পক্ষে।

এই অবস্থায় বুধবার এক বিবৃতিতে এরশাদ বলেন, দুই প্রার্থী দোয়া ও সমর্থন চাইতে এলেও তিনি কাউকে সমর্থন দেননি। আর কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দেয়ার অধিকার রাখে না।

এর পরদিনই সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিলেন তিনি।

পুরনো খবর:

গাজীপুরে কাউকে সমর্থন নয়: জাতীয় পার্টি
এরশাদের সমর্থন পেয়েছি: মান্নান
‘দোয়া নিতে’ এরশাদের বাসায় আজমত উল্লা
গাজীপুরে আ. লীগকে ছাড় জাপা’র