‘দোয়া নিতে’ এরশাদের বাসায় আজমত উল্লা
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন পাওয়ার আশায় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান।
আজমত উল্লা খান, ফাইল ছবি
আজমত উল্লা সকাল ৯টার দিকে এরশাদের বারিধারার বাসায় যান। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।
টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত পরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (এরশাদ) আমার মুরুব্বি, মহাজোটের একজন নেতা। তার কাছে দোয়া ও সমর্থন চাইতে গিয়েছিলাম। তিনি আমাকে দোয়া করেছেন।”
জাতীয় পার্টির সমর্থন পাচ্ছেন কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটা আমার বলা ঠিক হবে না। উনাদের দলের পক্ষ থেকেই এ বিষয়ে জানানো হবে।”
আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনকে কেন্দ্র করে দ্বিধাবিভক্ত অবস্থায় রয়েছেন স্থানীয় জাতীয় পার্টির নেতা কর্মীরা।
গাজীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি মনোয়ার হোসেনের নেতৃত্বে দলের নেতাকর্মীদের একটি অংশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে সমর্থন দিয়েছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে নেতাকর্মীদের আরেকটি অংশ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে সমর্থন দেয়ার পক্ষে মত দিয়েছে। মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী মাহমুদ হাসান এ পক্ষেই রয়েছেন।
পার্টির চেয়ারম্যান এরশাদ ক্ষমতাসীন মহাজোটে থাকার কথা জানালেও স্থানীয় নির্বাচনে প্রার্থী সমর্থনের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না দেয়ায় নেতাকর্মীরা দুই ভাগ হয়ে আওয়ামী লীগ ও বিএনপিসমর্থিত প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন।
স্থানীয় নেতাদের এই বিভক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক পক্ষের বিরুদ্ধে বড় দলের কাছে অর্থের বিনিময়ে ‘বিক্রি হওয়ার’ অভিযোগও তুলছে অন্য পক্ষ।
