২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোভাব বদলাবে, আশা স্পিকারের

স্পিকার নিরপেক্ষ আচরণ করছেন না- বিএনপির এমন অভিযোগের পর শিরীন শারমিন চৌধুরী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে বিরোধী দলের ‘এ মনোভাবের’ পরিবর্তন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

বুধবার জাতীয় সংসদের নিজের কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো কারণে হয়তো তাদের মনোভাবের পরিবর্তন হয়েছে। এখনকার মনোভাবও পরিবর্তন হবে।”

বিরোধী দলের ভারপ্রাপ্ত প্রধান হুইপ শহিদউদ্দীন চৌধুরী এ্যানি গত ২৬ জুন অধিবেশনে স্পিকারের প্রশংসা করে বলেন, তার কাছ থেকে ‘সব ধরনের সহযোগিতা’ পাচ্ছেন বলেই বিএনপির সদস্যরা নিয়মিত সংসদে আসছেন।

তবে গত ৩০ জুন বাজেট পাসের ঠিক আগে ছাঁটাই প্রস্তাব নিয়ে কথা বলতে না দেয়ার অভিযোগে বিএনপির সদস্যরা ওয়াক আউট করেন।

পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ এম কে আনোয়ার বলেন, “স্পিকার খারাপ নজির সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রীর ভূমিকায় স্পিকার নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন।”

এরপর গত মঙ্গলবারও সংসদে পয়েন্ট অব অর্ডারে ‘সমান সুযোগ’ না দেওয়ার অভিযোগ তোলেন বিরোধী দলীয় সদস্যরা।

অধিবেশনের পর তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ বলেন, পয়েন্ট অব অর্ডারে তাকে ১০ মিনিটের সময় দিলেও সরকারি দলের জ্যেষ্ঠ সদস্যকে ৩০/৪০ মিনিট সময় দেয়া হয়েছে। বিরোধী দলের প্রতি এটা স্পিকারের ‘বৈষম্য’।

“এ ধরনের আচরণ উচিত না। উনি অনেকটাই সংসদকে অকার্যকর করার ব্যবস্থা করেছেন।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার বলেন, “আমি সবাইকে সুযোগ দিচ্ছি। বৈষম্য করার কোনো সুযোগ নেই। কে কি প্রশ্ন করেছেন সেটা নিয়ে আমি চিন্তিত নই। আমি রুলস মেনে চলছি।

“বিরোধী দলের সদস্যরা যখনই ফ্লোর চেয়েছেন আমি দিয়েছি। এরপরও তারা প্রশ্ন তুলতেই পারেন। আমার আশা, তাদের অবস্থানের পরিবর্তন হবে।”

প্রধান দুই দলের সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “আমি আগেও বলেছি, এ বিষয়ে দুই দলকেই উদ্যোগ নিতে হবে। আমার নিজে থেকে উদ্যোগী হওয়ার কোনো সুযোগ নেই।

“তাছাড়া বিষয়টি নিয়ে বাজেট আলোচনায় প্রায় সবাই কথা বলেছেন। সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতাও নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন। এরপরও আলোচনা করতে চাইলে কার্যপ্রণালী বিধির অধীনেই তা সম্ভব।”