২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের গোলাগুলিতে আহত ২৫

আধিপত্য বিস্তারের জের ধরে সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের তিনপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 01:28 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেন, ওয়াহিদুজ্জামান টিটন ও পাভেল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- তানভীর আহমদ (২০), সাদ আহমদ (২৫), জাকির হোসেন (২০), ছাব্বির হোসেন (২৬), ওলিউর রহমান (২৫), দিলওয়ার হোসেন (২২), জুয়েল আহমদ (২২), খালেদ আহমদ (২০) ও ফাহাদ আহমদ (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিয়ানীবাজার সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ সময় কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের নেতাকর্মীরা শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই সকাল ১১টার দিকে হাতাহাতিতে লিপ্ত হয়। পরে মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বিয়ানীবাজার থানার ওসি ফজলুল হক শিবলী জানান, অনুষ্ঠান শেষে টিটনের সমর্থকরা বিয়ানীবাজার পৌর শহরে মিছিল বের করলে জামালের পক্ষের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

“এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।”

একই সময়ে ছাত্রলীগ নেতা পাভেল হোসেনের সমর্থকরা ঘটনাস্থলে আসলে ত্রিমুখি সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ৩-৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয় বলে জানান ওসি।

“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, ৬১ রাউন্ড শটগানের গুলি ও ২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।”

ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।