২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়াশিংটন টাইমসের কাছে এখন ক্ষতিপূরণ চাইতে হবে’

অনুমতি না নিয়ে খালেদা জিয়ার নামে নিবন্ধ ছাপানোর জন্য ওয়াশিংটন টাইমসের কাছে ক্ষতিপূরণ চাওয়ার কথা বলেছেন ক্ষমতাসীন দলের একজন সাংসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

ওয়াশিংটন টাইমসে গত ৩০ জানুয়ারি প্রকাশিত চিঠিটি নিজের নয় বলে বিরোধীদলীয় নেতা জানানোর পর মঙ্গলবার সংসদে বক্তব্যে এই আহ্বান জানান সাংসদ সাবের হোসেন চৌধুরী।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, “বিরোধীদলীয় নেতা সংসদে বলেছেন- এটা তার লেখা না। আমরা তার কথাই ধরে নিচ্ছি, কারণ বিরোধীদলীয় নেতা একটি ইনস্টিটিটিউশন। তিনি যেই হোক না কেন।

“ওয়াশিংটন টাইমসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। অবশ্যই আইনি নোটিস দিই এবং উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণ আদায় করি।”

তিনি সংসদকেই এই বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন।

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে খালেদা জিয়ার কথিত ওই নিবন্ধ প্রকাশের পর সরকারি দলের নেতারা এর তীব্র সমালোচনা করেন। এটি রাষ্ট্রদ্রোহসম অপরাধ বলেও মন্তব্য করেন তারা।

সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সাবের বলেন, “আমি তার লেখা দেখে হতবাক হয়েছিলাম। দেশের এরকম ক্ষতি করলেন! তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন।”

Image
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।

যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিলের পর ওই নিবন্ধ লেখার কথা অস্বীকার করে খালেদা জিয়া বৃহস্পতিবার সংসদে বলেন, “কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখার কথা বলেছেন। আমি এমন কোনো লেখা পাঠাইনি।”

খালেদা জিয়ার নামে ওই যুক্তরাষ্ট্রের দৈনিকে মতামত পাতায় ছাপানো ওই লেখার পর বিএনপির একাধিক নেতা তার স্বীকৃতি দিয়েছিলেন, যা সাবের উল্লেখ করেন।

মওদুদ আহমদের বক্তব্য উদ্ধৃত করে আওয়ামী লীগ সংসদ সদস্য বলেন, “তখন তিনি বলেছিলেন, এটা বাংলাদেশে খণ্ডচিত্র।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আরো বলেছিলেন, “সরকার আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। এসব বিষয়ে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণের জন্য খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে নিবদ্ধ লিখেছেন। গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য এই নিবন্ধ লেখা হয়েছে।”

তবে মওদুদ এখন দাবি করেছেন, ওই লেখাটি যে খালেদা জিয়ার তা তিনি বলেননি।

পুরনো খবর:

ওই লেখা আমার নয়: খালেদা
‘ওই লেখা খালেদার’