২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ-ফখরুল একসঙ্গে

কাজী জাফর আহমদের জন্মদিনের অনুষ্ঠানে এইচ এম এরশাদের সঙ্গে কুশল বিনিময় হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে এক অনুষ্ঠানে তাকে দেখা গেল।

সোমবার সন্ধ্যায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জাফর আহমেদের গুলশানের বাড়িতে যান মির্জা ফখরুল।

তিনি কাজী জাফরকে একগুচ্ছ রজনীগন্ধা ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।

ওই সময়ে সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও ছিলেন। মির্জা ফখরুল তাকে সালাম জানিয়ে কুশল বিনিময় করেন। 

অনুষ্ঠানে থাকা কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর সঙ্গেও ফখরুলের কথা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭৪তম জন্মদিনের কেক কাটেন কাজী জাফর। তার পাশে তখন এরশাদ ও মির্জা ফখরুল ছাড়াও ছিলেন কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরশাদের ছোট ভাই বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফখরুল ওই বাড়ি থেকে বেরিয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টারে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে যান।