২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের প্রচারণায় রেজওয়ান-অসীম

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে প্রচারণার শেষদিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রার্থী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2013, 10:38 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

সোমবার সকাল থেকেই নিজ নিজ উপজেলায় গণসংযোগ শুরু করেন তারা।

আওয়ামী লীগ প্রার্থী রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক কর্মী সমর্থকদের নিয়ে মিঠামইন উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ চালান।

এদিকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ মহিতুল ইসলাম অসীম গণসংযোগ করছেন অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে।

হাওরের দুর্গম যোগযোগ ব্যবস্থা বাধা হতে পারছে না প্রার্থীদের গণসংযোগে। মাইকিং, পোস্টারসহ প্রচারণায় আধুনিক অন্যান্য মাধ্যমের ব্যবহার কম থাকলেও তৃণমূল পর্যায়ের সাধারণ ভোটারদের উৎসাহে শেষ মূহূর্তে জমজমাট হয়ে উঠেছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত বিশাল এই নির্বাচনী এলাকার পরিবেশ।

নির্বাচনে জয়ের ব্যাপারে রেজওয়ান আহাম্মদ তৌফিক শতভাগ আশাবাদী হলেও ভোট কারচুপির আশংকা করছেন সৈয়দ মহিতুল ইসলাম অসীম।

রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, “প্রতীক বরাদ্দের পর থেকে আমি যেখানেই গেছি সর্বস্তরের মানুষের সমর্থন পেয়েছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। নির্বাচিত হয়ে আমি হাওর এলাকায় চলমান উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রেখে অসমাপ্ত কাজ সমাপ্ত করব।”

সৈয়দ মহিতুল ইসলাম অসীম বলেন, “দীর্ঘদিনের পরিবারতন্ত্রের পরিবর্তনের জনদাবির প্রতি সম্মান জানিয়ে সাধারণ মানুষের অনুরোধে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।

“অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ।”

এ আসন থেকে সাতবার নির্বাচিত সাংসদ স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়।

তিনটি হাওর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এ আসনে ৩ জুলাই ভোট গ্রহণ হবে।