২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

জয়পুরহাটের কালাই উপজেলা বিএনপির এক নেতাকে আটকের প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে দলটির নেতাকর্মীরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 09:39 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

অবৈধ দখল উচ্ছেদে বাধা দেয়ার অভিযোগে কালাই পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিমকে শনিবার সকালে আটক করা হয়।

এর পরপরই জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ ও থানা ফটকে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীসহ স্থানীয়রা।

কালাই থানার ওসি রমজান আলী সাংবাদিকদরে জানান, সকাল ১০টার দিকে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ কালাই বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তির ওপর নির্মিত দোকান-পাটসহ অবৈধ উচ্ছেদ করতে যান। এ সময় রেজাউল করিম উচ্ছেদে বাধা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট জেলা বিএনপি সভাপতি মোজাহার আলী প্রধান অভিযোগ করেন, গ্রেপ্তার বিএনপি নেতা শুধু উচ্ছেদের কারণ ও বৈধতা জানতে চেয়েছেন। এ সময় নির্বাহী কর্মকর্তা তাকে মারধর করে গাড়িতে উঠিয়ে নেন।

এর পর সকাল ১১টা থেকে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ ও থানার গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা।

দুপুর ২টায় রেজাউলকে ছেড়ে দেয়া হলে জনতা অবরোধ তুলে নেয়।