২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ.লীগ নেতার বাড়িতে আবারো হামলা

সাতক্ষীরার স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের বাড়িতে আবারো জামায়াত-শিবিরকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ ওঠেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার আঁগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুলের কুচপুকুরের বাড়ী ও পাশের ব্যবসা প্রতিষ্ঠানে হাতবোমা হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের দিনও তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জামায়াত-শিবিরকর্মীরা হামলা ও অগ্নিসংযোগ করার অভিযোগ রয়েছে, যার মামলা তদন্তাধীন আছে।

বৃহস্পতিবারের বোমা হামলাও জামায়াত-শিবিরকর্মীরা করেছে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে চারটি মোটরসাইকেলযোগে ৮/১০ জন জামায়াত-শিবির নেতাকর্মী এসে এলোপাতাড়ি বোমা নিক্ষেপ করতে থাকে।

তিনি বলেন, “বাড়ির পাশের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি লক্ষ্য করে ১৫ থেকে ২০টি বোমা নিক্ষেপ করে দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।’

বোমার আঘাতে তিনিসহ তার ভগ্নিপতি জাহান আলী ও বোন শাহিদা খাতুন আহত হয়েছেন বলে জানান তিনি।

নজরুল বলেন, জাহান আলীর দুই পা বোমার আঘাতে ঝলসে গেছে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই আওয়ামী লীগ নেতা দাবি করেন, স্থানীয় জামায়াত নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, “হামলাকারীদের চিনতে পেরেছি। তারা সবাই জামায়াত-শিবির নেতাকর্মী।”

সদর থানার ওসি আমানউল্লাহ হামলার ঘটনা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও কয়েকটি বিস্ফোরিত বোমার খোসা উদ্ধার করা হয়েছে।

হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।