২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে নিয়ে বসুন: প্রধানমন্ত্রীকে রওশন

রাজনৈতিক সঙ্কট অবসানে সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

“আপনি বঙ্গবন্ধুর কন্যা। কেন সমাধান করতে পারবেন না। আপনাকে পারতেই হবে। আমরা আপনাকে ছাড়ছি না। এ দায়িত্ব আপনার,” সংসদে বলেছেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিপরীত অবস্থানের কারণে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকে দুই নেত্রীকে একসঙ্গে বসতে আহ্বান জানিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

তার ওই আহ্বানে সাড়া না মেলার পর বৃহস্পতিবার সংসদে একই আহ্বান জানান তার স্ত্রী জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন।

তিনি যখন বক্তব্য রাখছিলেন, তখন দফায় দফায় সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যদের টেবিল চাপড়ে তাকে সমর্থন জানাতে দেখা যায়।

রওশন বলেন, “প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। দুই নেত্রীকে বসতে হবে। সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসতে হবে।”

এক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি।

“আপনি ক্ষমতায় আছেন, সুযোগ আছে। আপনি উদার আহ্বান জানান- ‘আসেন, বসেন কথা বলি’।”

সংসদে ‘অশালীন’ বক্তব্যের সমালোচনা করে রওশন বলেন, “জাতীয় নেতাদের নামে কটূক্তি করবেন না। আমার জন্মের জন্য আমি দায়ী না, কর্মের জন্য দায়ী। কর্ম খারাপ হলে সমালোচনা করেন।”

বাজেট নিয়ে বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানান মহাজোট শরিক জাতীয় পার্টির এই সংসদ সদস্য।

“তাকে (বঙ্গবন্ধু) সব বিতর্কের ঊর্ধে রাখতে হবে,” তার এই বক্তব্যের সঙ্গে সঙ্গে টেবিল চাপড়ে সমর্থন জানান সংসদ নেতা শেখ হাসিনাসহ সরকারি দলের সদস্যরা।

“শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে,” রওশন একথা বলতেই বিরোধী দলের সদস্যরা সমর্থন জানান।

এভাবে রওশনের বক্তব্যের বিভিন্ন পর্যায়ে তাকে সমর্থন জানাতে থাকেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা।

“ঐকমত্যে পৌঁছতে দুই নেত্রীকে একসঙ্গে বসে কথা বলতেই হবে”- রওশনের এই কথায় দুই পক্ষ থেকেই তুমুল সমর্থন মেলে।

রওশনের জন্য নির্ধারিত সময় পেরিয়ে গেলে বিরোধী দলই স্পিকারের কাছে তার সময় বাড়িয়ে দেয়ার দাবি জানায়।