২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারচুপি হলে এক দফার আন্দোলন: ফখরুল

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে কারচুপির যে কোনো চেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“ওই নির্বাচনে যদি সরকার ভোট কারচুপি কিংবা জোরপূর্বক ফলাফল অন্যদিকে নিয়ে যেতে চায়, তাহলে সেখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে,” বুধবার এক সমাবেশে বলেছেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, চারটি সিটি কর্পোরেশনে হেরে যাওয়ার পর সরকার গাজীপুরে জিততে মারিয়া হয়ে উঠেছে। সকাল-বিকাল তারা সভা করছে। সরকারি কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করছে।

“একজন মেয়র প্রার্থীকে জোরপূর্বক প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়েছে। এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়? নির্বাচন কমিশনকে বলতে চাই, বিষয়টি পুঙ্খানাপুঙ্খ তদন্ত করে ব্যবস্থা নিন।”

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে ১৮ দলীয় জোটের সমর্থনে অধ্যাপক এম এ মান্নান এবং ক্ষমতাসীন জোট সমর্থনে আজমত উল্লা খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে ফখরুল বলেন, “ওই ফলাফলের মাধ্যমে সরকারের প্রতি জনগণ অনাস্থা প্রকাশ করেছে। মানুষ এই সরকারকে জানিয়ে দিচ্ছে, বিদায় হও, তোমাদের আর দরকার নেই।’’

জাতীয় প্রেসক্লাবে শাহবাগ থানা বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফখরুল। নগর বিএনপি নেতা চৌধুরী আলমের সন্ধান দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।

২০১০ সালের ২৬ জুন রাজধানীর ইন্দিরা রোড থেকে তুলে নেয়া হয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে। তার পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এতে জড়িত।

সমাবেশে চৌধুরী আলমের মেয়ে মাহমুদা আখতার মনিরাও বক্তব্য রাখেন।

বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে ফখরুল বলেন, “একদিকে গ্রেপ্তার করে কারাগারে নেয়া হচ্ছে। অন্যদিকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চলছে গ্রেপ্তার-মামলা বাণিজ্য। টাকা দাও, তাহলে মামলা হবে না। নইলে মামলায় জড়নো হবে।’’

গুম ও খুনের বিরুদ্ধে সোচ্চার হতে নেতা-কর্মীসহ দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামে দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের গোলাগুলিতে এক শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন, “ক্ষমতাসীনদের দৌরাত্ম্যে শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকার এই রাষ্ট্রকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।’’

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু লিমন হোসেনকে মামলা প্রত্যাহারের জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের ‘প্রস্তাবের’ও সমালোচনা করেন বিএনপি নেতা।

“তিনি তাত্ত্বিক কথা চমৎকার করে বলেন। এতদিন মিজানুর রহমান সাহেব লিমনকে বলেছিলেন, এর বিচার করা হবে। এখন তিনি লিমনকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আপসরফা করতে বলেছেন।”

এজন্য মিজানুর রহমানের পদত্যাগ দাবিও জানান ফখরুল; যদিও মিজানুর রহমান বলেছেন, তিনি মামলা প্রত্যাহারের জন্য লিমনকে কোনো প্রস্তাব দেননি।

দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমানের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘‘ তিনি এতদিন সরকারের তোষামদি করেছেন। বিরোধীদলীয় নেতা, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছেন। অথচ সরকারি দলের আসল দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি।”