‘টেন্ডারবাজির’ নিন্দায় আমীর খসরু
চট্টগ্রামে রেলের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার এক বিবৃতিতে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ওই ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগ-যুবলীগের সবাইকে গ্রেপ্তার করে তাদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরুর সঙ্গে ওই বিবৃতিতে সই করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
বিবৃতিতে বলা হয়, “দিনদুপুরে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় সরকারি দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেছে। একজন অবুঝ শিশুসহ দুজন নিহত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দেশের আইন শৃঙ্খলা কোথায় ঠেকেছে।”
রেলওয়ের ‘টেন্ডারবাজি’ নিয়ে ইতোপূর্বে বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হলেও প্রশাসন ‘রহস্যজনক’ কারণে কোনো ব্যবস্থা নেয়নি বলে বিএনপি নেতারা অভিযোগ করেন।
ছাত্রলীগ ও যুবলীগের হাতে থাকা অস্ত্র আগামী নির্বাচনে ব্যবহার হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
