ভবিষ্যত নির্যাতন সম্পর্কে সতর্ক থাকতে হবে: শেখ হাসিনা
ভবিষ্যতে বিএনপি-জামায়াতের নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসের বাণীতে বিএনপি শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচনের বছর তিনি এই আহ্বান জানান।
দেশে শান্তি নষ্ট করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
২৬ জুন বুধবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস পালিত হবে বিশ্বজুড়ে। মঙ্গলবার এ উপলক্ষে বাণী দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় হুমায়ুন কবির বালু এবং মানিক সাহাসহ ১৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিলো। নিজের বাড়িতে হত্যা করা হয়েছিলো অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরিকে।
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা এবং ২০০৫ সালে সারা দেশে ধারাবাহিক বোমা হামলার কথাও বলেন শেখ হাসিনা।
“ওই সময় সরকার জঙ্গি আব্দুর রহমান ও বাংলা ভাইসহ অনেকগুলো জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলো।”
“পাঁচ বছরে বিএনপি-জামাত সরকার এবং দুই বছরের সেনা নিয়ন্ত্রিত সরকারের সময়ে সারাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতা, কর্মী ও সমর্থকদের হত্যা করা হয়।”
“অপারেশন ক্লিন হার্টের নামে অনেক নির্দোষ মানুষ হত্যা করেছে বিএনপি-জামাত সরকার।”
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ওপর নির্যাতনের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
জামাত-শিবির সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া পদক্ষেপের ধারাবাহিকতায় দেশে নিপীড়ন ও নির্যাতন নিয়ন্ত্রণ এবং বন্ধ করতে বর্তমান সরকার বেশ কিছু আইন কার্যকর করেছে।
নারী ও শিশু আইন প্রণয়নের কথাও এই প্রসঙ্গে বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই সরকার মানুষের এই মৌলিক অধিকার নিশ্চিত করেছে।
বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে তার জুলিও-কুরি শান্তি পুরস্কার পাওয়ার কথাও তুলে ধরেন তিনি।
“জাতির পিতা পদক্ষেপগুলো অনুসরণ আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণের জন্য কাজ করে।”
এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্রের উন্নয়নে ২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তার 'জনগণের ক্ষমতায়ন' ফর্মুলা উপস্থাপনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিশ্বের সব নিপীড়িত মানুষের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করে তা থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
