২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের তোপে কামরুল-মায়া

দীর্ঘদিন ধরে খোঁজ খবর না নেয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় কর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 04:50 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এই সভায় এই দুই নেতার বক্তৃতায় সময় উপস্থিত কর্মীরা ব্যাপক হৈ চৈ করেন।

দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে। তারা আরো অভিযোগ করেন, গত সাড়ে ৪ বছরে তাদের কোনো মূল্যায়ন হয়নি।

ওয়ার্ডগুলোতে কমিটি না হওয়ায় নেতা-কর্মীরা ‘ছন্নছাড়া’ হয়ে পড়েছে বলেও দলের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই সভায় সম্মেলনের জোর দাবি তোলেন কর্মীরা।

সভার শুরুতে বক্তব্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দলকে শক্তিশালী করতে সবার প্রতি আহ্বান জানান।

তার বক্তব্যের পর ২৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বি এম সিরাজুল ইসলাম ‘ওয়ার্ডের নেতাদের’ কথা বলার সুযোগ দিতে দাবি জানান।

তিনি বলেন, “আমাদের কথা শুনতে হবে। তৃণমূলের অবস্থা আপনাদের জানতে হবে। প্রতিদিন আপনারা বলবেন, আমরা শুনব- এভাবে সংগঠন চলতে পারে না।”

তখন উপস্থিত ওয়ার্ড ও থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা চিৎকার করে কথা বলার সুযোগ দাবি করেন।

তৃণমূল নেতারা বলেন, গত ১০-১৫ বছর ধরে মহানগরের ১০০টি ওয়ার্ড, ১৮টি ইউনিয়ন ও ৪৯টি থানা কমিটির সম্মেলন হচ্ছে না।

তখন মহানগরের সাধারণ সম্পাদক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে উঠে দাঁড়ান।

ক্ষুব্ধ তৃণমূল নেতাদের শান্ত করতে তিনি আগামী ২৬ জুন মহানগর কাউন্সিল নিয়ে পর্যালোচনা সভার ঘোষণা দেন।

মায়া বলেন, “২৬ জুন থেকে প্রয়োজনে টানা তিন দিন আমরা বসে আলোচনা করব। আপনাদের সব প্রস্তুতি ঠিক থাকলে তিন দিনের মাথায় কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হবে। আপনারা কে কতটা কাজ করেছেন, কত জন সদস্য সংগ্রহ করেছেন তার হিসেব নিয়ে আসবেন।”

২০০৩ সালের ১৮ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফকে সভাপতি ও মায়াকে সাধারণ সম্পাদক করা হয়।

মোহাম্মদ হানিফের মৃত্যুর পর এম এ আজিজ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এর নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়।

ওই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দুই মাসের মধ্যে মহানগরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করার নির্দেশ দেন। কিন্তু দলের সাধারণ সম্পাদকের কথায় কোনো কাজ হয়নি।