২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসনাতকে নিয়ে হিরনের বক্তব্য ‘বানোয়াট’

মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন তার পরাজয়ের জন্য আবুল হাসনাত আব্দুল্লাহকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন,  তা ‘অসত্য ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলনে করেছেন বরিশাল আওয়ামী লীগের এক দল নেতা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2013, 12:00 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

গত শনিবারের সিটি কর্পোরেশন নির্বাচনে হিরন ১৭ হাজার ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী আহসান হাবিব কামালের কাছে পরাজিত হন।

এর তিনদিন পর নির্বাচনোত্তর এক কর্মীসভায় হিরন বলেন, “আবুল হাসনাত আব্দুল্লাহ, তার শ্যালক কাজী কামাল, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, হাসনাতের বন্ধু জাহাঙ্গীর বিএনপির প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষে কাজ করেছেন।”

হিরনের এ বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান।

গৌরনদীর সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে ছিলেন না।

হারিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (হাসনাত) এ সংবাদ সম্মেলনের কথা জানেন। আজ পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠক আছে, তিনি সেখানে গেছেন।”

বরিশালের ১০ উপজেলার আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাইদুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রশিদ খান, মুলাদীর পৌর মেয়র শফিকুল ইসলাম খান, বাকেরগঞ্জের পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ আনিচুর রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে হিরনের মন্তব্যের প্রতিবাদ করে হারিছুর বলেন, হিরনকে ১৪ দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়ার পর হাসনাত তার (হিরনের) জন্য কাজ করেছেন। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে হিরনের টেলিভিশন প্রতীকে ভোট চেয়েছেন।

“তাই হিরনের পরাজয়ের জন্য আবুল হাসানাত আব্দুল্লাহকে দায়ী করা অযৌক্তিক ও অন্যায়। হিরন যে ভাষায় হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অসত্য ও বানোয়াট অভিযোগ করছেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এতে আওয়ামী লীগে বিভাজন বাড়বে। যার সুযোগ নেবে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি চক্র।”

পুরনো খবর:

হারের জন্য হাসনাতকে দুষলেন হিরন