২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রলয় দেখেছেন, সামনে মহাপ্রলয়’

সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবিকে ‘প্রলয়’ আখ্যায়িত করে আগামীতে আরো বড় বিপর্যয়ের জন্য তৈরি থাকতে আওয়ামী লীগকে বলেছেন বিরোধী দলের সংসদ সদস্য হাসিনা আহমেদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

বুধবার সংসদে বাজেট আলোচনায় তিনি বলেন, “প্রলয় দেখেছেন, সামনে দেখবেন মহাপ্রলয়।”

হাসিনা আহমেদ বলেন, “মাননীয় অর্থমন্ত্রীর সীমাহীন অশোভনীয় বাজেটের ওপর তাকে ধন্যবাদ দিতে পারছি না বলে আমি দুঃখিত। বাজেট যদি লাইগ্যা যায় টাইপের রাজস্বের ওপর নির্ভরশীল।”

পদ্মা সেতু প্রকল্পসহ বিভিন্ন খাতে সরকারের দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “দুদক এখন আবুলের গোলাম।”

বর্তমান সরকার আমলে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব চুক্তি সংসদে উত্থাপনের দাবি জানান তিনি।

বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্যদের ‘নাস্তিক’ আখ্যায়িত করেন সরকারি দলের সংসদ সদস্য তাজুল ইসলাম।

গণজাগরণ মঞ্চের আন্দোলনে সমর্থন দেয়া নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, “নাস্তিক আমরা নই, আমরা ইসলামিক। আপনারা নাস্তিক।”

এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য শাম্মী আক্তারের বক্তব্যের জবাবে তাজুল বলেন, “আপনারা ইলিয়াস আলীর কথা বলেন, আপনারা কি হারিস চৌধুরীর কথা ভুলে গেছেন। হারিস চৌধুরী কোথায়?”

বিএনপির সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান রাজনৈতিক সঙ্কট অবসানে নির্দলীয় সরকার পদ্ধতি নিয়ে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমাকে সোনার মানুষ দাও আমি সোনার বাংলা দেবো। কিন্তু তার চারপাশে ছিলো চোর। এখনো একই অবস্থা।”

আওয়ামী লীগের নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, “তত্ত্বাবধায়ক নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এখন বিশ্ব্যব্যাপী প্রাকটিসের সঙ্গে মিলিয়ে নির্বাচন করতে হবে।”

সরকারদলীয় সদস্য সানজিদা খানম বিএনপির উদ্দেশে বলেন, “আপনারা তত্ত্বাবধায়কের কথা বলছেন, আবার তারেক রহমানকে বীরের বেশে দেশে আনতে চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের কারণেই তারেক রহমানকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিলো।”

বিএনপির নাজিম উদ্দিন আহমেদ বলেন, “সরকারি দলের নেতৃবৃন্দ যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে না, কথা কোন দিকে যাচ্ছে।

“প্রধানমন্ত্রী অবলা নারী। তিনি মনের কষ্ট চেপে মীরজাফরদের নিয়ে দেশ পরিচালনা করছেন।”

তার এই বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা সমস্বরে প্রতিবাদ জানান।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী কিছু দেখলে সেটা হয়, না দেখলে হয় না। এটা একটা অদ্ভুত দেশ।”

সরকারদলীয় সদস্য হাফিজ আহম্মেদ মজুমদার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার সমালোচনা করেন।

আওয়ামী লীগের এ বি এম আনোয়ারুল হক বিএনপি নেতা মওদুদ আহমদকে উদ্দেশ্য করে বলেন, “কবি জসীম উদদীন বেঁচে থাকলে আজ তার আদরের জামাতাকে দেখে দুঃখ পেতেন। জামাতার রাজনীতি দেখে কবি লিখতেন- ভেঙে দাও এই লুটেরার রাজ্য।”