দুমাস পর জামায়াত নেতার খোঁজ মিলল
নিখোঁজের দুইমাসেরও বেশি সময় পর জয়পুরহাট জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলামের খোঁজ পাওয়া গেছে।
নজরুল ইসলামের ছোট ভাই মাছুমের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার মীরকামারী গ্রামের নিজ বাড়িতে নজরুলকে পাওয়া গেছে। তার স্ত্রী সালমা সুলতানাও সেখানে রয়েছেন।
তবে তিনি কীভাবে বাড়ি ফিরেছেন তা জানাতে পারেননি এসপি।
তিনি জানান, এ বিষয়ে জানার জন্য জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকারকে ঈশ্বরদীতে পাঠানো হয়েছে।
গত ১১ এপ্রিল মধ্যরাতে জয়পুরহাট শহরের সাহেবপাড়া ভাড়া বাসা থেকে নিখোঁজ হন নজরুল ইসলাম। এ ব্যাপারে ১২ এপ্রিল তার স্ত্রী সালমা সুলতানা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে কিছু লোক নজরুলকে বাড়ি থেকে নিয়ে বলে পরিবার দাবি করে। তার সন্ধান চেয়ে জয়পুরহাটে হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেয় জেলা জামায়াত।
