২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লজ্জা কাটাতেই সিটি নির্বাচনে বিএনপি’

জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ‘লজ্জা কাটাতে’ বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 10:58 AM

জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে আব্দুর রহমান, “নির্বাচনে আসবেন তো আসবেন। পানি খাবেন তো খাবেন, পানি গুলিয়ে খাবেন। আপনারা লজ্জা কাটাতেই সিটি করপোরেশন নির্বাচনে গিয়েছেন। জাতীয় নির্বাচনের জন্য মানুষের কাছে তো ভোট চাইতে হবে।”

আগামী জাতীয় নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর আগে বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া তার বক্তব্যে বিদেশে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের উৎস এবং সরকারের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলেন।

জবাবে আব্দুর রহমান বলেন, “তিনি (সজীব ওয়াজেদ) আমেরিকায় সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। ওইটা বোঝার ক্ষমতা রাত জাগা পাপিয়াদের নাই। আমেরিকায় ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনা যায়। পুতুল এবং তার স্বামী চাকরি করে। জাতিসংঘে সায়মা ওয়াজেদের প্রস্তাব গৃহীত হয়।”

ক্ষমতা ছাড়ার আগে খালেদা জিয়া দেশের বাইরে দুই হাজার আটশ’ ৮২ কোটি টাকা দেশের বাইরে নিয়ে গেছেন অভিযোগ তুলে তিনি বলেন, “ক্ষমতা ছাড়ার আগে বিদেশ সফরে ৩৭টি সুটকেস খালেদা জিয়ার সফর সঙ্গীর কাছে ছিল। আর তার কাছে আরো ২২টি সুটকেসে ছিল দুই হাজার আটশ ৮২ কোটি টাকা।”

তিনি বলেন, “তারেক জিয়া লন্ডনে থাকেন। ২২ হাজার পাউন্ড মাসে ভাড়া দিয়ে লন্ডনে থাকেন। যদিও স্বনামে-বেনামে ব্রিজটনে আটটি বাড়ি আছে। এই টাকা কোথা থেকে আসে?”

তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন এই সাংসদ।

সারাহ বেগম কবরী বিএনপি’র সাংসদদের বক্তব্যের সমালোচনা করে বলেন, “আপনাদের ধিক্কার জানাই। আপনাদের তো রাজনীতি করার কোনো যোগ্যতা নেই।”

ফরিদা রহমান বিএনপি’র সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “সহকর্মী তো নয়। যেন জলহস্তির দাপাদাপি।”