২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ নির্বাচন বলে ভোট চাইলেন কামরান

এবারের নির্বাচনকেই নিজের জীবনের শেষ নির্বাচন হিসেবে ইঙ্গিত দিয়ে জনগণের কাছে ভোট চাইলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।  

নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 06:51 PM

নির্বাচনী প্রচারের শেষ দিন বৃহস্পতিবার নগরীর কিন ব্রিজের নিচে চাঁদনী ঘাটে এক পথসভায় তিনি বলেন, “আমার বয়স হয়েছে। এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। আর কোনোদিন হয়তো আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। হতে পারে এটাই আমার জীবনের শেষ ভোট প্রার্থনা।”

দীর্ঘদিন সিলেট পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর তিন দফায় মেয়রের দায়িত্ব পালনের পর এবার চতুর্থবার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা কামরান।

জনগণের ভালবাসাতেই ‘অধম ছেলে কামরান’ ‘আজকের কামরান’ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আপনারা আপনাদের ভোটের আমানত আমার কাছে রেখেছেন, সেই আমানত আমি রক্ষা করেছি।

“আমি জীবনে যতবার আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাকে ফেরান নাই। এবারো আমি এলাম। আশা করি, সিলেটবাসী আমাকে ফিরিয়ে দেবে না।”

জনগণকে মেয়র হিসাবে নিজের কর্মকাণ্ড বিচার করার আহ্বান জানিয়ে কামরান বলেন, “আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। যা করতে পারি নাই, তা আমি স্বীকার করি। ভবিষ্যতে সুযোগ পেলে তা আমি করবো।”

প্রার্থী বাছাইয়ে কী কী বিষয় বিবেচনা করতে হবে সে বিষয়েও পরামর্শ দেন তিনি।

সাবেক মেয়র বলেন, “আপনারা সেই প্রার্থীকে ভোট দিবেন, যার বাড়িতে কোনো গেইট নেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় যাকে গাড়ি থেকে নামিয়ে কথা বলা যায়। যিনি উন্নয়নের নামে আপনাদের উপর ট্যাক্স চাপিয়ে দেবেন না। রাত ১২টায়ও যার বাসায় যেতে কোনো বাধা থাকবে না। যার অফিসে গেলে দেখা করতে স্লিপ দিতে হবে না।”

“আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার আছে। আমি আপনাদের ছিলাম, আছি। আপনারা জ্ঞানী মানুষ। সিলেটবাসী বিবেকবান। সিলেটবাসী সেই অপপ্রচারের জবাব দেবে।”

ছাত্রজীবনেই ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যাত্রা শুরু করেন কামরান। সদস্য পদে ছিলেন দুবার। পরে ধারাবাহিকভাবে দুবার পৌরসভার ওয়ার্ড কমিশনার, দুবার পৌরসভা চেয়ারম্যান হন তিনি। এরপর সিটি কর্পোরেশনের মেয়র হন তিনি।