‘রানুর কথা মেনে নিন, চুদুরবুদুর বাদ দিন’
নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় সংসদে সংসদ সদস্যদের জানানো দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
সাবেক এই সংসদ সদস্য বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় দলীয় সংসদ সদস্য রেহানা আখতার রানু‘র বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘‘ আমাদের এমপি রানুর কথা মেনে নিন, চুদুরবুদুর বাদ দিন।”
নিদর্লীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রানুর ওই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ব্যাপক আলোচনা চলছে।
ফেনীর বাসিন্দা রানু গত রোববার সংসদ অধিবেশনে নিদর্লীয় সরকারের দাবি তুলে ধরতে গিয়ে নিজের আঞ্চলিক ভাষায় বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন।”
সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্যের বক্তব্য নিয়ে সরকারি দলের সংসদ সদস্যরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন।
রেহানা আক্তারের বক্তব্য ‘অশোভন’ দাবি করে তা কার্যবিবরণী থেকে বাদ দেয়ার আহ্বান জানান সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ।
এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ওই বক্তব্য ‘পরীক্ষা করে’ ৩০৭ বিধি অনুযায়ী কার্যবিবরণী থেকে বাদ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
এর পরিপ্রেক্ষিতে শব্দটির উৎস অনুসন্ধানে অভিধান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে কথা বলে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক আনন্দবাজার।
কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক নির্মল দাস দুজনই অভিমত দিয়েছেন, ‘চুদুরবুদুর’ গ্রাম্য শব্দ, অশ্লীল কিছুতেই নয়। এর অর্থ বাড়াবাড়ি করা বা গড়িমসি করা।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নির্মল দাস আরো বলেছেন, “শব্দটিকে কিছুতেই অশ্লীল বলা যাবে না। তবে ঠিক, ভদ্রসমাজে তেমন ব্যবহার হয় না।”
