রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা
শওকত হোসেন হিরনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
বুধবার দুপুরে তারা রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. মুজিবুর রহমান জানান, মেয়র প্রার্থী আহসান হাবিব কামালসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে দেখা করে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
লিখিত অভিযোগে আহসান হাবিব কামাল উল্লেখ করেন, হিরনের সমর্থকরা তার সমর্থকদের মারধর করছে, কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে এবং নগরীর বিভিন্ন এলাকায় রঙিন বিলবোর্ড স্থাপন করে নির্বাচনী আচরনবিধি লংঘন করছেন হিরন।
এছাড়া নির্বাচনী কাজে নিয়োজিত প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং এজেন্টরা শওকত হোসেন হিরনের লোক বলে অভিযোগ করেন আহসান হাবিব কামাল।
এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি খন্দকার মাহবুব উদ্দিন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস।
