সোহরাওয়ার্দীতে বিএনপির মঞ্চ প্রস্তুত
নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য প্রস্তুতি শেষ করেছে বিএনপি।
দলের মহানগর সদস্য সচিব আবদুস সালাম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ হাতে সময় ছিল একেবারেই কম। তার মধ্যেই আমরা সব প্রস্তুতি শেষ করে ফেলেছি। বিকাল ৩টায় সমাবেশের কার্যক্রম শুরু হবে।”
সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের দেয়াল ঘেঁষে উত্তরমুখী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাইক লাগানো হয়েছে ৫০টি।
সকাল থেকে সমাবেশস্থলের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যোনে এটিই হবে বিএনপির প্রথম সমাবেশ। এর আগে গত ৪ মে মতিঝিলে ১৮ দলীয় জোট সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এরপর গত ১২ ও ১৫ মে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হয় বিএনপি। এর এক মাসের মাথায় বুধবার আবারো একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়ে পুলিশের অনুমতি চায় দলটি।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়, নয়া পল্টন নয়, সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করতে পারে বিএনপি। সে অনুযায়ী সেখানেই সমাবেশের প্রস্তুতি নিতে শুরু করে বিএনপি।
দলের মহানগর সদস্য সচিব আবদুস সালাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা এই সমাবেশে বক্তব্য দেবেন।
নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, আটক নেতা-কর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ‘দুর্নীতিবাজদের’ বিচার, অযোগ্য ও ব্যর্থ সরকারের পদত্যাগ ও গণহত্যার বিচারের দাবিতে এই সমাবেশ হবে।
