ছাত্রলীগ নেতাকে মারধর, দুই এসআই প্রত্যাহার
চাঁদপুরের হাজীগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে থানার ভিতরে মারধর করায় সোমবার পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে নেয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই সৈয়দ জাহিদুল হক ও মো. বিল্লাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার রাতেই হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি মো. শুকুর আলম শুভকে মারধর করা হয় বলে অভিযোগ করেন নেতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে শুভ একটি বিষয় নিয়ে থানায় গেলে এসআই জাহিদুল ও বিল্লাল তাকে মারধর করেন।
এরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা থানা ঘেরাও অভিযুক্তদের প্রত্যাহারের দাবি জানান।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন ও শহর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আলম এসে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেন।
