২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইন নয়, দেশ চলছে এক ব্যক্তির কথায়’

রাষ্ট্র পরিচালনার কোনো আইন এখন দেশে কাজ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার এক সভায় তিনি বলেছেন, “দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এখন রাষ্ট্রীয় আইনে দেশ চলছে না। এক ব্যক্তি শেখ হাসিনার কথায় দেশ পরিচালিত হচ্ছে।

“ফলে দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই।’’

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তারেক রহমান মুক্তি পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

লন্ডনে অবস্থানরত বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সভা হয়।

রফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারের ভিত কেঁপে উঠেছে।

যুক্তরাজ্যে চিকিৎসকরা পরামর্শ নিয়ে তারেক দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, “তাকে ফিরিয়ে আনতে সরকারের গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন হবে না। কারণ তিনি পলাতক আসামি নন। তিনি উচ্চ আদালতের জামিনে আছেন।”

খালেদা জিয়ার ছেলের বিরুদ্ধে এই মামলা জিয়া পরিবারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অংশ বলে দাবি করেন রফিকুল।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,  তা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।

তারেক মুক্তি পরিষদের সভাপতি রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সাংসদ হেলেন জেরিন খান, জাসাস সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।