২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাব আনবো না, বিল আনুন: আনোয়ার

নির্দলীয় সরকার পদ্ধতি সংসদে ফেরত আনার দাবি জানালেও তার জন্য সংসদে কোনো প্রস্তাব বিএনপি দেবে না জানিয়ে এজন্য বিল আনতে সরকারি দলের প্রতিই আহ্বান জানিয়েছেন এম কে আনোয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 11:12 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সংসদে বিএনপির এই সংক্রান্ত একটি মুলতবি প্রস্তাব প্রত্যাহারের পর তা নিয়ে আলোচনার মধ্যে রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

 আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে সংসদের অষ্টাদশ অধিবেশন শুরুর দিন ‘তত্ত্বাবধায়ক’ ফিরিয়ে আনার দাবিতে জমা দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নেয় বিএনপি।

এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্দলীয় সরকার নিয়ে আলোচনার সব পথ বিরোধী দলই বন্ধ করে দিচ্ছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে, বিরোধী দল আলোচনা চায় না।

সংসদ সদস্য এম কে আনোয়ার বলেন, “মুলতবি প্রস্তাব এনে সংসদে আমরা কোনো বির্তক সৃষ্টি করতে চাই না। সরকারকে বলবো, এ বিষয়ে সংসদে সুনির্দিষ্ট বিল নিয়ে আসুন। আমরা আলোচনায় অংশ নেবো।”

সংসদে ফিরলেও বিরোধী দলকে কথা বলতে দেয়া হচ্ছে না বলে আবার অভিযোগ করেন তিনি।

“স্পিকারকে বলবো, দয়া করে আমাদের সংসদে থাকার পরিবেশ সৃষ্টি করবেন। কয়েকদিন আগে আমাদের একজন সদস্য সৈয়দ আশিফা আশরাফী পাপিয়া পয়েন্ট অর্ডারে কথা বলতে চেয়েছিলেন। তাকে কথা বলার সুযোগ দেয়া হয়নি। ওই কারণে আমরা বাজেট উপস্থাপনার দিন সংসদে উপস্থিত থাকতে পারিনি।”

দমন নীতি ছেড়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিরোধী দলের দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানান এম কে আনোয়ার।

Image
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোমবার বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এম কে আনোয়ার। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জুলাই ০৯, ২০১২

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সোমবার বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এম কে আনোয়ার। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, জুলাই ০৯, ২০১২

তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী যুব ফোরামের সভায় বক্তব্য রাখেন তিনি।

এম কে আনোয়ার বলেন, “তারেক রহমান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। এখনো তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তার চিকিৎসা চলছে।’’

সুস্থ হলে তারেক ‘এমনিতেই’ দেশে ফিরে আসবেন বলে জানান বিএনপির এই নেতা।

সভায় বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলী নেওয়াজ, আলী আকবর চুন্নু, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ফোরামের আহ্বায়ক ইকবাল রশীদ অপু প্রমুখ।

পুরনো খবর:

আলোচনা বিরোধী দলই চায় না: শেখ হাসিনা